ঢাকার বাণিজ্যিক পরিসরে এখন আলোচনার কেন্দ্রে নতুন এক সম্ভাবনা—বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে এক বিলিয়ন ডলারের বাণিজ্যিক মাইলফলক।
ল্যাটিন আমেরিকার বৃহত্তম রিটেইলার প্রতিষ্ঠান কোপেল-এর প্রতিনিধি মারিয়া এলেনা ক্যাস্টিলো ঢাকায় এসে জানিয়েছেন, মেক্সিকো বাংলাদেশের পণ্যের গুণমান ও মূল্য সুবিধায় মুগ্ধ—এবং তারা দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব চায়।
মেক্সিকোর জনপ্রিয় ব্র্যান্ড কোপেল—যার রয়েছে মেক্সিকো ও আর্জেন্টিনাজুড়ে দুই হাজারেরও বেশি স্টোর। তারা বিশ্বজুড়ে থেকে তৈরি পোশাক, ইলেকট্রনিকস, ফার্নিচারসহ নানা পণ্য সংগ্রহ করে বিক্রি করে।
মারিয়া এলেনা বলেন—
“বাংলাদেশের তৈরি পোশাক ও প্রসাধনী অসাধারণ মানের। সাশ্রয়ী, স্থিতিশীল এবং আন্তর্জাতিক মানসম্পন্ন। মেক্সিকোসহ ল্যাটিন আমেরিকার বাজারে আমরা বাংলাদেশের পণ্য আনতে চাই।”
বাংলাদেশে অবস্থানকালে তিনি সাভারের আল মুসলিম গ্রুপের কারখানা পরিদর্শন করেন। উৎপাদন প্রক্রিয়া, মাননিয়ন্ত্রণ এবং প্রযুক্তিগত মান দেখে তিনি বলেন—
“শুধু আল মুসলিম নয়, বাংলাদেশের অনেক কারখানাই বিশ্বমানের। এই দেশ থেকে পণ্য আমদানির সম্ভাবনা বিশাল।”
বাংলাদেশে মেক্সিকোর রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সহায়তায় এই সফর অনুষ্ঠিত হয়। তিনি বলেন—
“ল্যাটিন আমেরিকার বাজার এখন বাংলাদেশের জন্য উন্মুক্ত। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতায় এই বাণিজ্য এক বিলিয়ন ডলারের গণ্ডি অতিক্রম করতে পারবে।”
আল মুসলিম গ্রুপের এমডি আব্দুল্লাহ মনে করেন—মেক্সিকো ও ল্যাটিন আমেরিকা বাংলাদেশের জন্য পরবর্তী বড় রপ্তানি গন্তব্য হতে পারে।
“ওই অঞ্চল জনবহুল, বড় বাজার। বাংলাদেশের ব্যবসায়ীরা সেখানে চমৎকার সুযোগ দেখতে পাচ্ছেন,” বলেন তিনি।
বাংলাদেশের তৈরি পোশাক ইতোমধ্যে ইউরোপ ও উত্তর আমেরিকায় সুনাম কুড়িয়েছে—এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে ল্যাটিন আমেরিকা।
ব্যবসায়ীরা বলছেন—এই উদ্যোগ সফল হলে দক্ষিণ আমেরিকার দরজাও খুলে যাবে বাংলাদেশের শিল্পখাতের জন্য।
Leave a comment